Logo

ডেঙ্গু রোধে দেশজুড়ে চিরুনি অভিযান, হাসপাতাল-টেস্টে বিশেষ ছাড়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুন, ২০২৬, ১৭:০৯
ডেঙ্গু রোধে দেশজুড়ে চিরুনি অভিযান, হাসপাতাল-টেস্টে বিশেষ ছাড়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুর সম্ভাব্য বিস্তার মোকাবিলায় দেশব্যাপী চিরুনি অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং চিকিৎসা ব্যবস্থায় বিশেষ সুবিধাসহ নানা উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য বেড ও পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন

তবে ডেঙ্গুর ভ্যাকসিন এখনো আন্তর্জাতিকভাবে সর্বজনীন স্বীকৃতি না পাওয়ায় আপাতত তা প্রয়োগ করা হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২ জুন) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ও উপদেষ্টা ড. জিয়া হায়দার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

লার্ভা ধ্বংসে বিশেষ অভিযান : স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিত্যক্ত বাথরুম, গ্যারেজ ও অন্যান্য স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রজননের বড় উৎস। এসব স্থানে ‘নোভালিউরন’ ট্যাবলেট ও লার্ভিসাইড স্প্রে ব্যবহার করে বিশেষ অভিযান চালানো হবে। স্থল ও জলপথ—উভয় মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।

ছাদ ও গ্যারেজে নজরদারি, থাকবে জরিমানা : সিটি করপোরেশন ও স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাড়ির ছাদ, ড্রেন, ক্যানেল, মজাপুকুর এবং গ্যারেজ নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যেসব স্থানে মশার প্রজননের ঝুঁকি পাওয়া যাবে, সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানার ব্যবস্থা করা হবে।

চিকিৎসকদের প্রশিক্ষণ ও নির্দেশিকা : আগামী শনিবার থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তায় ডেঙ্গু চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। পরে এটি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হবে। ইউনিসেফ ও সরকারের যৌথ অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়িত হবে।

বিজ্ঞাপন

এছাড়া চিকিৎসকদের জন্য এক লাখ চিকিৎসা নির্দেশিকা (প্রটোকল বুক) প্রকাশ করা হয়েছে, যা দেশের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিতরণ করা হবে।

হাসপাতালে বেড ও পরীক্ষায় ছাড় : বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলো ডেঙ্গু রোগীদের জন্য মোট শয্যার ১০ শতাংশ সংরক্ষিত রাখবে। এসব শয্যায় ভর্তি রোগীদের চিকিৎসক ও বেড চার্জ দিতে হবে না, তবে ওষুধ ও খাবারের ব্যয় নিজেকেই বহন করতে হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া ডেঙ্গু রোগীদের ল্যাবরেটরি পরীক্ষা-নিরীক্ষার খরচে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আপাতত ডেঙ্গু টিকা নয় : স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্বের কয়েকটি দেশে ডেঙ্গুর টিকা ব্যবহৃত হলেও তা এখনো সর্বজনীনভাবে স্বীকৃত নয়। আন্তর্জাতিক পর্যায়ে নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে আরও নিশ্চিত হওয়ার পর ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই আপাতত দেশে ডেঙ্গুর টিকা প্রয়োগ করা হচ্ছে না।

সচেতনতা প্রচার ও গবেষণায় গুরুত্ব : ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচার কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ডেঙ্গুবিষয়ক গবেষকদের পরামর্শ ও গবেষণার ফলাফল কাজে লাগানোর নির্দেশও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সকালে সিটি করপোরেশন, বেসরকারি হাসপাতাল মালিকদের সংগঠন এবং চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD