Logo

আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই ব্যবস্থা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জুন, ২০২৬, ১৪:৫৯
আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই ব্যবস্থা
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাদের দেওয়া ব্যাখ্যা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রত্যাখ্যান করেছে।

বিজ্ঞাপন

হাসপাতাল কর্তৃপক্ষের জবাবকে ‘ভুয়া’ ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১০ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শোকজ নোটিশের যে জবাব দিয়েছে, তা মোটেও গ্রহণযোগ্য নয়। তারা মূল ঘটনা আড়াল করতে ইচ্ছে করে অপ্রয়োজনীয় তথ্য দিয়েছে। জবাবের সবকিছুই ভেক (ভুয়া)। আমরা এই জবাবে সন্তুষ্ট হতে পারিনি।

ভবিষ্যৎ পদক্ষেপের বিষয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। নিজেদের মধ্যে আলোচনা করে কী ধরনের আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সম্প্রতি আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠার পর স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়। মঙ্গলবার (৯ জুন) সেই নোটিশের জবাব দিলেও হাসপাতালের ব্যাখ্যায় একাধিক অসংগতি পাওয়া গেছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD