দেশে হামে আরও ৮ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

দেশে হাম ও হাম-সংশ্লিষ্ট রোগে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৯ জনে। বুধবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও সন্দেহভাজন হাম রোগে ৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯২ জনের, আর সন্দেহভাজন হামে মারা গেছে ৫৪৭ জন। একই ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ সময়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৯৪৫ জন।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯২৭ জনে। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ২৯ জন। হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ৯৯৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৩ হাজার ১৪৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে, নিশ্চিত হামজনিত মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি ৫৬ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। এরপর বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে ২ জন করে মারা গেছে।
বিজ্ঞাপন
সন্দেহভাজন হামেও সর্বাধিক মৃত্যু ঘটেছে ঢাকায়—২২৯ জন। এরপর রাজশাহীতে ৮৬ জন, সিলেটে ৬৬ জন, ময়মনসিংহে ৫০ জন, চট্টগ্রামে ৪৭ জন, বরিশালে ৩৮ জন, খুলনায় ২৩ জন এবং রংপুরে ৮ জনের মৃত্যু হয়েছে।








