Logo

স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ-দ্বীনের পরিচালক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জুন, ২০২৬, ১৭:৫৮
স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ-দ্বীনের পরিচালক
ছবি: সংগৃহীত

ঢাকার মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ও হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেছেন, স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রভাব খাটাতে অর্থ নিয়ে ঘোরার অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, মন্ত্রীর পেছনে আমি টাকা নিয়ে ঘুরিনি

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে তিনি বলেন, মন্ত্রীর পেছনে অর্থ নিয়ে ঘোরার অভিযোগ সত্য নয়। হাসপাতালের লাইসেন্স বাতিলের সুপারিশে ভেন্টিলেশন ব্যবস্থার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ কারণে হাসপাতালের পুরো ভেন্টিলেশন ব্যবস্থা নতুন করে সংস্কার করা হচ্ছে। এছাড়া হাসপাতালের ভেতরে থাকা বেকারি কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।

ডা. শেখ মহিউদ্দিন জানান, হাসপাতাল বন্ধের ঘোষণার পর নতুন রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। তবে বর্তমানে কয়েকজন সংকটাপন্ন রোগী চিকিৎসাধীন রয়েছেন। লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এর আগে গত ১৩ জুন নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, আদ-দ্বীন হাসপাতাল লাইসেন্স রক্ষার জন্য বিপুল অর্থ ব্যয় করার চেষ্টা করেছিল, কিন্তু তা সত্ত্বেও লাইসেন্স বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পরপরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে।

বিজ্ঞাপন

তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর গত ৪ জুন স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালের চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নবজাতকদের অবস্থার অবনতি হলেও সেখানে কার্যকর জরুরি চিকিৎসা সেবা ছিল না। ঘটনাকালে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং দায়িত্বপ্রাপ্ত নার্সদের অবহেলার বিষয়ও তদন্তে উঠে আসে।

এরপর স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে কেন লাইসেন্স বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। জবাব পর্যালোচনার পর গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD