Logo

ডেঙ্গু পরিস্থিতি খারাপ হলে চালু হবে ভ্রাম্যমাণ হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুলাই, ২০২৬, ১৫:২৮
ডেঙ্গু পরিস্থিতি খারাপ হলে চালু হবে ভ্রাম্যমাণ হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পেলে রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে প্রয়োজন হলে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সরকার আগাম প্রস্তুতি নিয়েছে এবং হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও অন্যান্য ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি জুলাই ও আগামী আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেলে বিদ্যমান হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ হাসপাতালও চালু করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের থানা, উপজেলা ও জেলা পর্যায়ে ডেঙ্গু শনাক্তের জন্য ‘এনএস১’ পরীক্ষার কিট পাঠানো হয়েছে। একই সঙ্গে ঢাকা এবং অন্যান্য শহরের হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে রোগীর চাপ বাড়লেও দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন সাখাওয়াত হোসেন। তিনি জানান, ইউনিয়ন পর্যায় থেকে সমন্বিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ উদ্যোগে মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে এডিস মশার বিস্তার রোধে সবাই একযোগে কাজ করতে পারেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে প্রয়োজনীয় ভ্যাকসিন, রি-এজেন্ট এবং স্যালাইনের পর্যাপ্ত মজুত রয়েছে। তাই পরিস্থিতি জটিল হলেও চিকিৎসা সরঞ্জামের সংকট হবে না বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে তিনি আরও জানান, আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন। এ সময় তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন। এই সফরের মাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার ভাষায়, এ সফরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামগ্রিক চিত্রে উল্লেখযোগ্য উন্নয়ন দেখা যাবে।

এদিকে অনুষ্ঠানে জানানো হয়, ক্যানসার শনাক্তকরণ আরও আধুনিক ও নির্ভুল করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপসহ নতুন ল্যাবরেটরি যন্ত্রপাতি যুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্যানসার নির্ণয়ের গতি ও নির্ভুলতা বাড়বে এবং রোগীরা আরও উন্নত মানের পরীক্ষাসেবা পাবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD