হাম ও হামের উপসর্গে একদিনে প্রাণ গেল আরও পাঁচ শিশুর

দেশে হাম ও হামের উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে মোট ১ হাজার ১১৯ শিশুর শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত সারা দেশে হাম এবং এর উপসর্গে মোট ৭২৪ শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। এছাড়া হামের তীব্র উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৬৩১ শিশু।
গত ২৪ ঘণ্টার তথ্য বিশ্লেষণে দেখা যায়, নতুন করে ১৫৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৬৫ শিশুর মধ্যে হামের বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। ফলে একদিনেই আক্রান্ত ও উপসর্গ শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৯ জনে।
বিজ্ঞাপন
আক্রান্তদের চিকিৎসার জন্য গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯০২ শিশুকে। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৭৭ জন।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ শিশুদের মধ্যে হাম প্রতিরোধে টিকাদান, দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করছে। একই সঙ্গে শিশুদের জ্বর, শরীরে র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







