হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামে আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে মোট ১ হাজার ১০৭ শিশুর শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। আর বাকি ৬৩৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বিজ্ঞাপন
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ৯৬৮ শিশুর।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৩ হাজার ৯৬১ এবং নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ২৬২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৩ হাজার ৫৪৩ জন।







