Logo

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও চারজনের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৬, ১৭:৩৪
ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও চারজনের
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৪ হাজার।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যায় ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ডেঙ্গু আক্রান্ত ৩৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্য এলাকার মধ্যে খুলনায় ২৫৩ জন, রাজশাহীতে ২৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৩১ জন এবং চট্টগ্রামে ২২০ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া বরিশালে ১৯২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৪৮ জন, রংপুরে ৯৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৪ হাজার ২৫১ জন।

ডেঙ্গুতে প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার বিষয়ে সচেতনতা জরুরি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD