ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

দেশে ডেঙ্গুর সংক্রমণ নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন, যা চলতি বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা।
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ এই চিত্র তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা উত্তর সিটি ও ময়মনসিংহ বিভাগে দুজন করে রয়েছেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন।
বিজ্ঞাপন
এর আগে, গত ১১ অক্টোবর ২ হাজার ১৯৩ জন, ১২ অক্টোবর ২ হাজার ১৬৭, ২৭ সেপ্টেম্বর ২ হাজার ১৫৮ ও ১৮ অক্টোবর ২ হাজার ৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
চলতি বছর ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জন করে মারা গেছে।







