Logo

মাদুরোকে পাঁচ মাস নিবিড় নজরদারিতে রেখেছিল যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ জানুয়ারি, ২০২৬, ১৩:৫২
মাদুরোকে পাঁচ মাস নিবিড় নজরদারিতে রেখেছিল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর আগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে টানা পাঁচ মাস নিবিড় নজরদারিতে রেখেছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল ড্যান কেইন শনিবার এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

নিউইয়র্ক সিটিতে আয়োজিত এক ব্রিফিংয়ে জেনারেল ড্যান কেইন বলেন, গত বছরের আগস্ট মাস থেকে মাদুরোর দৈনন্দিন কার্যক্রম, চলাফেরা ও নিরাপত্তা ব্যবস্থার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখা হচ্ছিল। তার অবস্থান, যাতায়াত, ব্যক্তিগত রুটিন এমনকি পোশাক ও খাবারের বিষয়েও গোয়েন্দাদের কাছে নিয়মিত তথ্য ছিল বলে দাবি করেন তিনি।

জেনারেল কেইনের ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় পরিচালিত সামরিক অভিযানের জন্য কয়েক মাস ধরে পরিকল্পনা ও মহড়া চালানো হয়। সব প্রস্তুতি শেষ হওয়ার পরই অভিযানের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন অ্যাবসলিউট রিজল্ভ’।

বিজ্ঞাপন

এই অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয় এবং পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় বলে জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, চার দিন আগে তিনি প্রতিরক্ষা বাহিনীকে অভিযানের নির্দেশ দেন। ট্রাম্পের সঙ্গে মাদুরোর রাজনৈতিক বিরোধ নতুন নয়। ২০১৭ সালে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই মাদুরোকে কড়া সমালোচনার মুখে রাখেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের অবস্থান আরও কঠোর হয়।

বিজ্ঞাপন

এদিকে এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভেনেজুয়েলার পক্ষ থেকে এটিকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে দাবি করা হয়েছে।

সূত্র : এএফপি

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD