ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই)–এর সদরদপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণকারী সামরিক ঘাঁটিতেও আঘাত হানার কথা জানিয়েছে গোষ্ঠীটি।
বিজ্ঞাপন
যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোন, বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রমের সরঞ্জামসহ সামরিক ও বেসামরিক খাতে ব্যবহৃত নানা প্রযুক্তিপণ্য তৈরি করে আইএআই। ইসরায়েলের প্রতিরক্ষা খাতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইসরায়েলি সামরিক সরঞ্জামপ্রস্তুতকারক কোম্পানি আইএআইর সদরদপ্তরে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
বিজ্ঞাপন
ইরানপন্থী লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী বলেছে, লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ইসরায়েলি অপরাধমূলক আগ্রাসনের জবাবে বুধবার রাত ২টার দিকে ড্রোন দিয়ে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদরদপ্তরে হামলা চালানো হয়েছে।
পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ভোরের কিছু আগে উত্তর ইসরায়েলের একটি ‘ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে’ একটি নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি।








