Logo

মধ্যপ্রাচ্যে বৃহত্তম মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ, ২০২৬, ১৭:২৫
মধ্যপ্রাচ্যে বৃহত্তম মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
ছবি: সংগৃহীত

পারমাণবিক আলোচনা ভেঙে পড়ার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বুধবার (৪ মার্চ) কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদে দুটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে এ হামলার তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

গত শনিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর এটিই কোনো বড় মার্কিন ঘাঁটিতে তেহরানের সরাসরি ও সবচেয়ে বড় আঘাত বলে বিবেচিত হচ্ছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের একটি কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাঝ আকাশে ভূপাতিত করতে সক্ষম হয়। তবে অপর ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট না হয়ে সরাসরি আল-উদেইদ ঘাঁটির ভেতরে আঘাত হানে।

বিজ্ঞাপন

এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। হামলার পর ঘাঁটির ভেতরে বড় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য জানায়নি কাতার কর্তৃপক্ষ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ধারাবাহিক বিমান হামলা চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে দাবি করা হয়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র আকার ধারণ করে।

ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল। বিশ্লেষকদের মতে, আল-উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সেই ঘোষণারই অংশ।

বিজ্ঞাপন

তেহরান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কাতারের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোও ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।

উল্লেখ্য, আল-উদেইদ বিমানঘাঁটি শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখান থেকেই সিরিয়া, ইরাক ও আফগানিস্তানে মার্কিন বিমান অভিযান পরিচালিত হয়। ঘাঁটিটিতে স্থায়ীভাবে প্রায় ১০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD