Logo

ইরানের বিরুদ্ধে যুদ্ধ ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ মার্চ, ২০২৬, ১৩:০৬
ইরানের বিরুদ্ধে যুদ্ধ ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সর্বোচ্চ ৮ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। বুধবার (৪ মার্চ) তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের আকাশসীমার ওপর পূর্ণ ও অপ্রতিদ্বন্দ্বী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তার ভাষায়, ইরান মার্কিন সামরিক শক্তির সঙ্গে পাল্লা দিতে পারবে না এবং তাদের সামরিক সক্ষমতা প্রতি ঘণ্টায় ক্ষয় হচ্ছে।

বিজ্ঞাপন

হেগসেথ বলেন, “যুদ্ধের সময়সীমা চার সপ্তাহও হতে পারে, ছয়ও, আটও; এমনকি তিন সপ্তাহ পর্যন্তও। শেষ পর্যন্ত গতি ও সময়সীমা আমরা নির্ধারণ করব।”

শনিবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযানকে হেগসেথ ২০০৩ সালের ইরাক যুদ্ধে চালানো অভিযানের তুলনায় দ্বিগুণ আকাশশক্তি প্রয়োগকারী এবং ইসরায়েলের আগের ১২ দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের চেয়ে সাত গুণ বেশি তীব্র বলে দাবি করেন।

বিজ্ঞাপন

ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে হেগসেথের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

হেগসেথ আরও বলেন, “আমরা এখন কেবল শুরু করেছি। আমরা গতি কমাচ্ছি না, বরং বাড়াচ্ছি। ইরানের শাসকগোষ্ঠী শেষ হয়ে গেছে, এবং তারা তা বুঝতে যাচ্ছে বা খুব শিগগিরই বুঝবে।”

জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ৮৬ শতাংশ কমে গেছে। এছাড়া তাদের নৌবাহিনীর বড় অংশ ধ্বংস হয়েছে এবং উচ্চ পর্যায়ের নেতৃত্ব নিহত হয়েছে বা আত্মগোপনে রয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ উপকূলজুড়ে আকাশে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে। মার্কিন বাহিনী ধীরে ধীরে স্থলভাগের গভীরে অভিযান বিস্তৃত করবে এবং ক্রমশ ইরানের অভ্যন্তরে আরও গভীরে হামলা চালাবে।

বিজ্ঞাপন

ইরানে যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী পাঠানো হবে কি না, এমন প্রশ্নে হেগসেথ বলেছেন এটি নীতিনির্ধারকদের বিষয় এবং অভিযান শেষ হওয়ার সময়সীমা নিয়েও স্পষ্ট কিছু বলতে চাননি।

সূত্র: দ্য গার্ডিয়ান

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD