Logo

১৬৮ ছাত্রী নিহত: দায় অস্বীকার ইসরায়েলের, তদন্ত চায় যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ মার্চ, ২০২৬, ১১:৫৩
১৬৮ ছাত্রী নিহত: দায় অস্বীকার ইসরায়েলের, তদন্ত চায় যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের সময় ইরানের মিনাব শহরের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৬৮ জন ছাত্রী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। তবে এই হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েল। ঘটনাটি নিয়ে তদন্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

মিনাবের গভর্নর মোহাম্মদ রাদমেহর জানান, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ক্লাস চলাকালীন শাজারেহ তাইয়েবেহ নামের একটি বালিকা বিদ্যালয়ে সরাসরি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ৭ থেকে ১২ বছর বয়সী ১৬৮ জন ছাত্রী প্রাণ হারায় এবং অন্তত ৯৫ জন আহত হয়।

হামলার তীব্রতায় বিদ্যালয় ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভবনের কংক্রিটের ছাদ ধসে পড়ায় অনেক শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে বলে জানান স্থানীয় কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাংবাদিকদের তিনি বলেন, “এ মুহূর্তে শুধু এটুকুই বলতে পারি—আমরা ঘটনাটি তদন্ত করছি।” একই সঙ্গে তিনি দাবি করেন, মার্কিন বাহিনী কখনোই বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় না।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র নাদাভ শশানি মার্কিন সংবাদমাধ্যমকে জানান, ওই এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর কোনো অভিযান সম্পর্কে তাদের কাছে তথ্য নেই। তার ভাষ্য, এই হামলার জন্য কে দায়ী—সে বিষয়ে তিনি অবগত নন।

বিজ্ঞাপন

ইরানি কর্মকর্তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে যৌথ সামরিক অভিযান শুরু করেছে, তার প্রথম দিনেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। এ ঘটনায় তেহরান সরাসরি ওয়াশিংটন ও তেল আবিবকে দায়ী করেছে।

তবে অতীতে গাজা যুদ্ধের সময়ও বিভিন্ন প্রাণঘাতী হামলার ঘটনায় প্রথমে সংশ্লিষ্টতা অস্বীকার করলেও পরে প্রমাণের ভিত্তিতে ইসরায়েল তাদের অবস্থান পরিবর্তন করেছে—এমন নজির রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD