Logo

পা পিছলে পড়ে কাঁধে চোট পেলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ, ২০২৬, ১৮:২৬
পা পিছলে পড়ে কাঁধে চোট পেলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রোববার এক দুর্ঘটনায় কাঁধে আঘাত পেয়েছেন। মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তিকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আনুষ্ঠানিক অভ্যর্থনার সময় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অতিথিকে অভ্যর্থনা জানানোর সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যান তিনি।

দারের ছেলে আলি দার জানান, এই দুর্ঘটনায় তার কাঁধে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। তবে এক্স-রে রিপোর্টে গুরুতর কোনো জটিলতা ধরা পড়েনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধ ও সতর্কতার মাধ্যমে তার চিকিৎসা চলবে।

বিজ্ঞাপন

আঘাত পাওয়ার পরও দায়িত্ব থেকে বিরত থাকেননি ইসহাক দার। দিনজুড়ে নির্ধারিত কূটনৈতিক বৈঠকগুলোতে অংশ নেন তিনি। পরে রাতের দিকে পরিবারের অনুরোধে চিকিৎসা পরীক্ষা করান।

রোববার ইসলামাবাদে সৌদি আরব, মিসর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে মিলিত হন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগ নিয়ে সেখানে আলোচনা হয়।

বৈঠক শেষে ইসহাক দার জানান, ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষই আলোচনার মাধ্যমে সংকট সমাধানে পাকিস্তানের ভূমিকায় আস্থা প্রকাশ করেছে। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে অর্থবহ সংলাপ আয়োজনের সুযোগ পেলে পাকিস্তান তা দায়িত্বশীলভাবে গ্রহণ করবে।

বিজ্ঞাপন

এদিকে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা চলমান সংঘাতের কারণে আঞ্চলিক অর্থনীতি ও জনজীবনে নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সূত্র: আরব নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD