গাজা-লেবাননে অভিযান অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান পূর্ণ শক্তিতে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বিজ্ঞাপন
সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর অভিযান কোনোভাবেই থেমে নেই এবং পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তা চলবে।
নেতানিয়াহু জানান, সাম্প্রতিক সময়ে গাজা ও দক্ষিণ লেবাননের বিনত জবেইল অঞ্চলে বিশেষভাবে অভিযান জোরদার করা হয়েছে। তার ভাষায়, যুদ্ধ চলমান রয়েছে এবং সব শক্তি নিয়োগ করে তা চালিয়ে যাওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে হামাসের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক যৌথ বাহিনী গঠনের সম্ভাবনা খুবই কম। এ প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত ১১ ফেব্রুয়ারির বৈঠকের কথাও উল্লেখ করেন। ওই বৈঠকে হামাসকে নিরস্ত্র হওয়ার জন্য ৬০ দিনের সময়সীমা দেওয়া হলেও তা শেষ হয়েছে উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই।
এদিকে গাজায় স্থিতিশীলতা ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে। যুদ্ধবিরতির পরবর্তী শাসনব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে মতপার্থক্য থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক এক ঘটনায় দেইর আল-বালাহ এলাকায় একটি স্কুলের কাছে ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত ও কয়েকজন আহত হন।
বিজ্ঞাপন
প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত প্রায় ৭৫০ জন নিহত ও ২ হাজারের বেশি আহত হয়েছেন। আর ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় মোট নিহতের সংখ্যা ৭২ হাজারের বেশি এবং আহতের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে।








