Logo

সৌদি আরবসহ পাঁচ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল, ২০২৬, ২১:১৮
সৌদি আরবসহ পাঁচ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সহায়তার অভিযোগ এনে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের পাঁচ দেশের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। তেহরানের অভিযোগ, এসব দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করে আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

বিজ্ঞাপন

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি জানান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।

ক্ষতিপূরণ দাবির তালিকায় রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান। চিঠিতে বলা হয়, এই দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, ফলে সংঘটিত ক্ষয়ক্ষতির দায় তাদেরও বহন করতে হবে।

বিজ্ঞাপন

ইরানি দূতের ভাষ্য অনুযায়ী, সশস্ত্র বাহিনীর পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রতিবেদনে এমন প্রমাণ পাওয়া গেছে যে, এসব দেশের ভূখণ্ড ব্যবহার করেই হামলা পরিচালিত হয়েছে। বিষয়টি আগে থেকেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানানো হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

তিনি আরও বলেন, পূর্ববর্তী প্রতিবেদনে ইরান জানিয়েছিল যে, অভিযানে জড়িত বাহিনী সংশ্লিষ্ট দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তাই আন্তর্জাতিক দায়িত্ব লঙ্ঘনের কারণে এই পাঁচ দেশকে সব ধরনের বস্তুগত ও নৈতিক ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ওই হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলসহ বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে, ফলে পুরো অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। টানা প্রায় ৩৯ দিনের সংঘর্ষের পর গত সপ্তাহে ১৪ দিনের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এদিকে চলমান সংকট নিরসনে পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনাও অনুষ্ঠিত হয়, তবে কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। বিশ্লেষকদের মতে, এই ক্ষতিপূরণ দাবি নতুন করে কূটনৈতিক উত্তেজনা বাড়াতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD