প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিলো ভারত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে ‘অযৌক্তিক ও রুচিহীন’ বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প একটি পোস্ট শেয়ার করেন, যেখানে ভারতকে অবমাননাকরভাবে উল্লেখ করা হয় এবং ভারতীয় অভিবাসীদের নিয়েও নেতিবাচক মন্তব্য করা হয়।
বিজ্ঞাপন
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই মন্তব্য তথ্যভিত্তিক নয় এবং এটি সম্পূর্ণ অনুপযুক্ত ও রুচিহীন। তার মতে, এ ধরনের বক্তব্য ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরে না; দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলেছে।
এদিকে মার্কিন কংগ্রেস সদস্য অ্যামি বেরা, যিনি ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান, ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক ও অজ্ঞতাপূর্ণ বলে উল্লেখ করেছেন। একইভাবে হিন্দু আমেরিকান ফাউন্ডেশনও মন্তব্যটিকে ঘৃণামূলক ও বর্ণবাদী আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে।
বিজ্ঞাপন
এই বিতর্কের সময়টি এমন এক পর্যায়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী মাসে ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন। সফরের লক্ষ্য দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কিছুটা প্রশমিত করা।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও ভিসা ইস্যু নিয়ে আগে থেকেই দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। বিশেষ করে প্রযুক্তি খাতে কর্মরত ভারতীয়দের ভিসা ও বাণিজ্য শুল্ক ইস্যুতে মতবিরোধ আরও প্রকট হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








