Logo

মধ্যপ্রাচ্যে সংঘাত : গোলাবারুদ সংকটে যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল, ২০২৬, ১৯:৫৪
মধ্যপ্রাচ্যে সংঘাত : গোলাবারুদ সংকটে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে জড়িয়ে যুক্তরাষ্ট্র বর্তমানে গুরুতর গোলাবারুদ সংকটে পড়েছে বলে একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ট্রাম্প প্রশাসন এখন দেশের সামরিক সক্ষমতা কোন ক্ষেত্রে অগ্রাধিকার দেবে, তা নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখে রয়েছে।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুতে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। একই ধরনের তথ্য উঠে এসেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে—বর্তমান ক্ষয়প্রাপ্ত অস্ত্রভাণ্ডার পুনরায় পূরণ করতে যুক্তরাষ্ট্রের সময় লাগতে পারে ছয় বছর পর্যন্ত।

অবসরপ্রাপ্ত মেরিন কর্পস কর্নেল এবং সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক এফ. ক্যানসিয়ান দ্য নিউইয়র্ক টাইমস সংবাদপত্রকে বলেন, যুক্তরাষ্ট্রের কাছে অনেক ধরনের গোলাবারুদের যথেষ্ট মজুদে রয়েছে। তবে কিছু গুরুত্বপূর্ণ স্থল-আক্রমণ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গোলাবারুদ যুদ্ধের আগেই কম ছিল এবং এখন তা আরও কমে গেছে।

বিজ্ঞাপন

প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার (ইন্টারসেপ্টর) জন্য গোলাবারুদের এই ঘাটতি এশিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীর যুদ্ধ প্রস্তুতিকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।

এর আগে বুধবার (২২ এপ্রিল) দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ইরানের সঙ্গে সংঘর্ষ চলাকালে যুক্তরাষ্ট্র ১ হাজারেরও বেশি দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। একই সময়ে থাড ও প্যাট্রিয়টসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় ১,৫০০ থেকে ২,০০০টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রও ব্যয় করা হয়েছে।

বিজ্ঞাপন

সব মিলিয়ে সাম্প্রতিক সংঘাত যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন, যা ভবিষ্যতে দেশটির প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD