Logo

হ্যাকারদের কবলে অর্থ মন্ত্রণালয়, ২৫ লাখ ডলার গায়েব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল, ২০২৬, ১৯:৩২
হ্যাকারদের কবলে অর্থ মন্ত্রণালয়, ২৫ লাখ ডলার গায়েব
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালিয়ে ২৫ লাখ মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। অস্ট্রেলিয়ার একটি দ্বিপাক্ষিক ঋণ পরিশোধের জন্য নির্ধারিত এই অর্থ মাঝপথে গন্তব্য বদলে অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয় বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর এএফপি।

বিজ্ঞাপন

সরকারি সূত্রে জানা যায়, ২০২৫ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার একটি ঋণ পরিশোধের কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই শ্রীলঙ্কা সেই অর্থ পাঠিয়ে দেয়। তবে চলতি বছরের জানুয়ারিতে ই-মেইলভিত্তিক পেমেন্ট নির্দেশনায় অনুপ্রবেশ করে হ্যাকাররা প্রকৃত অ্যাকাউন্টের পরিবর্তে ভিন্ন একটি ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করে। বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও সম্প্রতি তা প্রকাশ্যে আসে।

অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষণা সুরিয়াপ্পেরুমা জানিয়েছেন, ঘটনার পর ঋণ ব্যবস্থাপনা কার্যালয়ের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

হ্যাকারদের পরিচয় ও অবস্থান শনাক্তে বর্তমানে বিদেশি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিচ্ছে শ্রীলঙ্কা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ই-মেইল সার্ভারে অনুপ্রবেশ করে পেমেন্ট নির্দেশনা পরিবর্তনের মাধ্যমেই এই অর্থ আত্মসাৎ করা হয়েছে।

অস্ট্রেলিয়া নির্ধারিত সময়ে অর্থ না পাওয়ার পর বিষয়টি সামনে আসে এবং পরে তদন্ত শুরু করে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ। উপ-অর্থমন্ত্রী অনিল জয়ন্ত ফার্নান্দো জানান, একই ধরনের আরেকটি লেনদেনেও জালিয়াতির চেষ্টা হয়েছিল, তবে সন্দেহ হওয়ায় সেটি ধরা পড়ে।

বিজ্ঞাপন

এই ঘটনা শ্রীলঙ্কার জন্য নতুন আরেকটি সংকেত হিসেবে দেখা হচ্ছে। এর আগে চার বছর আগে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্যে নেমে গিয়েছিল এবং বড় অঙ্কের ঋণখেলাপি অবস্থার মুখে পড়েছিল দেশটি।

তৎকালীন সংকটে খাদ্য, জ্বালানি ও ওষুধ আমদানিতে বড় ধরনের ব্যাঘাত ঘটে এবং ব্যাপক সরকারবিরোধী আন্দোলনের পর ২০২২ সালে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করেন।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার ম্যাথিউ ডাকওয়ার্থ এক্সে দেওয়া বার্তায় জানান, অর্থ পরিশোধ সংক্রান্ত অনিয়ম বিষয়ে ক্যানবেরা অবগত রয়েছে এবং তদন্তে সহযোগিতা করছে।

বিজ্ঞাপন

এদিকে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় এর আগে সাইবার প্রতারণা নিয়ে সতর্কতামূলক প্রচারণা চালালেও এবার সরাসরি মন্ত্রণালয়েই বড় অঙ্কের অর্থ চুরির ঘটনা ঘটল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD