ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: হামলাকারী আটক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণে আয়োজিত এক অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এই ঘটনা ঘটে, যা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয় উপস্থিত অতিথি ও সাংবাদিকদের মধ্যে।
বিজ্ঞাপন
জানা যায়, ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানের বলরুমের বাইরে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এতে ভেতরে থাকা অতিথিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
ঘটনার পর যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই জানায়, হামলাকারীকে আটক করা হয়েছে এবং ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে।
বিজ্ঞাপন
ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, বন্দুকধারীকে আটক করা হয়েছে। তিনি, ফার্স্ট লেডি ও ভাইস প্রেসিডেন্ট সবাই নিরাপদে আছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্য বুলেটপ্রুফ জ্যাকেটে গুলিবিদ্ধ হলেও তিনি আশঙ্কামুক্ত।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠান শুরু হওয়ার সময় অতিথিরা খাবার গ্রহণ করছিলেন। ঠিক সেই সময় হঠাৎ করে সশস্ত্র নিরাপত্তাকর্মীরা সবাইকে নিচু হয়ে আশ্রয় নিতে নির্দেশ দেন। অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন, যার মধ্যে উপস্থিত সাংবাদিকরাও ছিলেন। এতে পুরো হলজুড়ে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
পরে ইউএস সিক্রেট সার্ভিস ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তিনি পরে জানান, সবাই নিরাপদে আছেন এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানান।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, ঘটনাটি একটি তল্লাশি এলাকায় ঘটেছে। তবে এখনো বিস্তারিত ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা হয়নি।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত পাঁচটি গুলির শব্দ শোনা গেছে। ঘটনার পরপরই অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে অনুষ্ঠানটি পুনরায় আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র: আল-জাজিরা, ফক্স নাইন








