Logo

যুদ্ধের মাঝেও আনন্দ, গাজায় ৩০০ যুগলের ধুমধাম করে বিয়ে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল, ২০২৬, ১৩:০৮
যুদ্ধের মাঝেও আনন্দ, গাজায় ৩০০ যুগলের ধুমধাম করে বিয়ে
গাজায় ৩০০ যুগলের ধুমধাম করে বিয়ে। ছবি সংগৃহীত

দীর্ঘদিন ধরে সংঘাত ও ধ্বংসযজ্ঞে বিপর্যস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যতিক্রমধর্মী এক আয়োজন কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে। টানা কয়েক বছর ধরে দখলদার ইসরায়েলের হামলা ও অস্থিরতার মধ্যেও ৩০০ যুগলের গণবিয়ের আয়োজন সেখানে আনন্দের উপলক্ষ তৈরি করেছে।

বিজ্ঞাপন

গত শুক্রবার (২৪ এপ্রিল) মধ্য গাজার একটি এলাকায় এই বৃহৎ বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি বাস্তবায়নে সহায়তা দেয় সংযুক্ত আরব আমিরাত, যা স্থানীয়দের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

সংবাদমাধ্যম গাল নিউজ জানিয়েছে, বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নবদম্পতিদের পরিবারের সদস্যরা, স্থানীয় নেতা এবং প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মী ও সাধারণ জনতা। সবমিলিয়ে প্রায় ২০ হাজার মানুষ তাদের বিয়ে প্রত্যক্ষ করতে জড়ো হয়েছিলেন।

বিজ্ঞাপন

গণ বিয়ের কর্মসূচির আয়োজন করা হয় আমিরাতের ‘গালান্ত নাইট ৩’ পোগ্রামের আওতায়। মূলত যারা অর্থাভাবে বিয়ে করতে পারছিলেন না, তাদেরই বিয়ের ব্যবস্থা করা হয় এই বিশাল আয়োজনের মাধ্যমে।

গালফ নিউজ আরও জানিয়েছে, এই গণ বিয়ের জন্য কয়েক হাজার বাসিন্দা আবেদন করেছিলেন। তাদের থেকে বাঁছাই করে ৩০০ যুগলকে নির্বাচন করা হয়। গত ফেব্রুয়ারিতে আবেদন গ্রহণ শুরু হয়।

আয়োজকরা জানিয়েছেন, অবিবাহিত এবং যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের প্রাধান্য দিয়ে গণ বিয়ের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন

বিয়ের পাশাপাশি তাদের আরও সহায়তা করা হয়। দেওয়া হয় বিভিন্ন উপহার।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে একে একে সব যুগলের বিয়ে সম্পন্ন করা হয়। পুরো আয়োজনে ফিলিস্তিনি সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশেষভাবে তুলে ধরা হয়। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিনের জাতীয় সংগীতও পরিবেশিত হয়, যা পুরো পরিবেশকে আরও আবেগঘন করে তোলে।

বিজ্ঞাপন

সূত্র: গালফ নিউজ

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD