Logo

মুক্তিযুদ্ধের ছবি তোলা কিংবদন্তি ফটোগ্রাফার রঘু রাই আর নেই

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল, ২০২৬, ১৫:১৬
মুক্তিযুদ্ধের ছবি তোলা কিংবদন্তি ফটোগ্রাফার রঘু রাই আর নেই
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিশ্বের নানা ঐতিহাসিক ঘটনার চিত্রধারী কিংবদন্তি ফটোগ্রাফার রঘু রাই আর নেই। ‘ভারতীয় ফটোগ্রাফির জনক’ হিসেবে পরিচিত এই খ্যাতনামা আলোকচিত্রী ৮৩ বছর বয়সে মারা গেছেন।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন তিনি। রোববার (২৬ এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রঘু রাইয়ের পূর্ণ নাম রঘুনাথ রায় চৌধুরী। তিনি ১৯৪২ সালের ১৮ ডিসেম্বর বর্তমান পাকিস্তানের ঝাংয়ে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি ভারত ও বিশ্বের অন্যতম প্রভাবশালী আলোকচিত্রী হিসেবে পরিচিতি পান।

বিজ্ঞাপন

তার কর্মজীবন শুরু হয় ১৯৬০-এর দশকের মাঝামাঝি। ১৯৬৫ সালে তিনি ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকায় স্টাফ ফটোগ্রাফার হিসেবে যোগ দেন। পরে ১৯৭৬ সালে ফ্রিল্যান্স আলোকচিত্রে যুক্ত হন। ১৯৮২ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি ‘ইন্ডিয়া টুডে’-এর ফটোগ্রাফি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন তার তোলা ছবি বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওই সময় তার কাজ বিশ্ববিখ্যাত ফটোগ্রাফার অঁরি কার্তিয়ে ব্রেসোঁর দৃষ্টি আকর্ষণ করে, যার মাধ্যমে তিনি আন্তর্জাতিক আলোকচিত্র সংগঠন ম্যাগনাম ফটোজ-এর সঙ্গে যুক্ত হন।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধের সময় তোলা তার অনেক ছবি এখন বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয়।

রঘু রাইয়ের আলোকচিত্রকে আধুনিক ভারতের একটি গুরুত্বপূর্ণ ভিজ্যুয়াল দলিল হিসেবে ধরা হয়। তিনি ভোপাল গ্যাস ট্র্যাজেডির মতো ভয়াবহ ঘটনার হৃদয়বিদারক চিত্র ধারণ করেন। পাশাপাশি মাদার তেরেসা ও ইন্দিরা গান্ধীর মতো বিশ্বনেতাদেরও ছবি তুলেছেন তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৭২ সালে ভারত সরকারের বেসামরিক পুরস্কার পান তিনি। ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের ‘ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করেন। ২০১৭ সালে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হন এই কিংবদন্তি আলোকচিত্রী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD