গুলি আমাকে ইরান যুদ্ধে লক্ষ্য অর্জন থেকে বিরত রাখতে পারবে না

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউস সাংবাদিকদের জন্য আয়োজিত এক নৈশভোজে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার রাতে একটি হোটেলে এ ঘটনা ঘটে, যেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিজ্ঞাপন
ঘটনায় কেউ নিহত হয়নি। তবে এক নিরাপত্তা কর্মকর্তার দিকে গুলি ছোড়া হলে তিনি বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় অক্ষত থাকেন।
ঘটনার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এই গুলির ঘটনা ইরান সম্পর্কিত যুদ্ধে লক্ষ্য অর্জন থেকে বিরত রাখতে পারবে না। একই সঙ্গে তিনি জানান, ঘটনার সঙ্গে ওই যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না, তা তিনি নিশ্চিত নন।
বিজ্ঞাপন
ট্রাম্প বলেন, “এটি আমাকে ইরান যুদ্ধে জয় থেকে থামাতে পারবে না। যুদ্ধের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না, আমি জানি না। আমাদের কাছে যে তথ্য আছে, তাতে মনে হয় না এর সঙ্গে যুদ্ধের সম্পর্ক রয়েছে।”
তবে এর আগের এক বক্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, বিষয়টি যুদ্ধের সঙ্গে সম্পর্কিত হতে পারে। পরে তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং হামলাকারী একজনই ছিল।
এদিকে সিএনএন সূত্রে জানা গেছে, গুলির ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তির নাম কোল থমাস অ্যালেন। তার বয়স ৩১ বছর এবং তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা, লস অ্যাঞ্জেলসের তোরেন্স এলাকায় থাকেন। তিনি আগে শিক্ষক হিসেবে কাজ করেছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য অনুযায়ী, অ্যালেন সি টু এডুকেশন নামে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন, যা পরীক্ষার প্রস্তুতি ও টিউটরিং সেবার সঙ্গে যুক্ত। ২০২৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি তাকে “মাসের সেরা শিক্ষক” হিসেবেও স্বীকৃতি দিয়েছিল।
সূত্র: সিএনএন, টিআরটি ওয়ার্ল্ড








