Logo

ব্যথা নিয়ে হাসপাতালে যুবক, ২০ বছর পর পেটে মিলল থার্মোমিটার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল, ২০২৬, ১৮:৫৩
ব্যথা নিয়ে হাসপাতালে যুবক, ২০ বছর পর পেটে মিলল থার্মোমিটার
ছবি: সংগৃহীত

চীনের এক যুবক পেটব্যথা নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকদের সামনে উঠে আসে অবিশ্বাস্য এক ঘটনা। শৈশবে ভুল করে গিলে ফেলা একটি থার্মোমিটার প্রায় দুই দশক ধরে তার শরীরের ভেতরেই থেকে গিয়েছিল, যা সম্প্রতি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে।

বিজ্ঞাপন

৩২ বছর বয়সী ওই ব্যক্তি দক্ষিণ-পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝৌ শহরের বাসিন্দা। কয়েকদিন আগে তীব্র পেটব্যথা নিয়ে তিনি ওয়েনঝৌ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংযুক্ত হাসপাতালের লংগ্যাং শাখায় ভর্তি হন। সেখানে বিভিন্ন পরীক্ষা করার সময় চিকিৎসকরা তার ক্ষুদ্রান্ত্রের একটি অংশে অস্বাভাবিক কিছু দেখতে পান।

প্রাথমিকভাবে সন্দেহ করা হয়, সেটি একটি পারদযুক্ত থার্মোমিটার হতে পারে। পরে বিস্তারিত পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, সেটি সত্যিই একটি থার্মোমিটার, যা দীর্ঘদিন ধরে তার শরীরের ভেতরে অবস্থান করছিল।

বিজ্ঞাপন

জানা গেছে, থার্মোমিটারটির অগ্রভাগ অন্ত্রের দেয়ালে চাপ সৃষ্টি করছিল, যা থেকে যেকোনো সময় ছিদ্র হয়ে মারাত্মক অভ্যন্তরীণ রক্তক্ষরণের আশঙ্কা ছিল।

রোগী চিকিৎসকদের জানান, ১২ বছর বয়সে তিনি ভুলবশত থার্মোমিটারটি গিলে ফেলেছিলেন। ভয়ে বিষয়টি পরিবারের কাউকে জানাননি। এরপর কোনো উপসর্গ না থাকায় ঘটনাটি সময়ের সঙ্গে ভুলে যান।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। মাত্র ২০ মিনিটের সূক্ষ্ম ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে থার্মোমিটারটি সফলভাবে বের করে আনা হয়। দীর্ঘদিন শরীরে থাকার কারণে এটি পিত্তনালীর কাছাকাছি অবস্থান করছিল, যা অপারেশনকে আরও জটিল করে তোলে।

বিজ্ঞাপন

উদ্ধারের পর দেখা যায়, থার্মোমিটারটি অক্ষত থাকলেও এর তাপমাত্রা নির্দেশক দাগগুলো প্রায় মুছে গেছে।

চিকিৎসকরা সতর্ক করে বলেন, কোনো অস্বাভাবিক বস্তু গিলে ফেললে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। কারণ দীর্ঘ সময় শরীরে থেকে গেলে তা প্রাণঘাতী জটিলতা সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন

পরিসংখ্যান অনুযায়ী, চীনে প্রতি বছর প্রায় ১০ লাখ মানুষ ভুলবশত বিভিন্ন বস্তু গিলে ফেলার কারণে চিকিৎসা নেন, যার মধ্যে শিশুদের সংখ্যা উল্লেখযোগ্য।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই মন্তব্য করছেন, থার্মোমিটারটি ভেঙে না যাওয়ায় ওই ব্যক্তি বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD