রাশিয়ার কাছ থেকে সামরিক ও কূটনৈতিক সমর্থন চায় ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়ার কাছ থেকে সামরিক ও কূটনৈতিক সমর্থন চায় ইরান। এ লক্ষ্যেই সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বিজ্ঞাপন
ক্রেমলিনে অনুষ্ঠিতব্য এই বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি তুলে ধরতে পারেন আরাঘচি। তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফুয়াদ ইজাদি জানিয়েছেন, ইরান ও রাশিয়ার সামরিক সম্পর্ক বহু বছর ধরেই বিস্তৃত।
তার মতে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এ কারণে তেহরান রাশিয়ার সহায়তা প্রত্যাশা করছে। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক মঞ্চে মস্কোর রাজনৈতিক সমর্থনও চায় ইরান।
বিজ্ঞাপন
ইজাদি আরও বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরান ধীরে ধীরে বুঝেছে, সামরিক প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়া গুরুত্বপূর্ণ সহযোগী হতে পারে।
এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইরান ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বর্তমান আলোচনার গুরুত্ব কোনোভাবেই কমিয়ে দেখা উচিত নয়।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই মস্কোর সমর্থন পেতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ায় পৌঁছান। এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার পরিকল্পনা বাতিল হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
সূত্র: আল জাজিরা








