ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধ ও উত্তেজনা কমাতে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, পর্যালোচনা শেষে খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হবে।
বিজ্ঞাপন
হোয়াইট হাউস–এর প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক ব্রিফিংয়ে বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনই বিস্তারিত কিছু জানানো হচ্ছে না। শিগগিরই প্রেসিডেন্ট নিজেই এ বিষয়ে কথা বলবেন।
সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে তিন ধাপের একটি প্রস্তাব দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রস্তাবের প্রথম ধাপে সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং ইরান ও লেবাননে আগ্রাসী হামলা বন্ধের নিশ্চয়তা চাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
দ্বিতীয় ধাপে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি–এর ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করার প্রস্তাব রয়েছে।
তৃতীয় ধাপে, আগের দুই স্তরে সমঝোতা হলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসার কথা বলা হয়েছে।
পরমাণু ইস্যুকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত প্রায় ৪০ দিন সংঘাত চলার পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে ওয়াশিংটন ও তেহরান। পরবর্তীতে স্থায়ী সমাধানের লক্ষ্যে ১১ এপ্রিল ইসলামাবাদ–এ বৈঠকে বসে দুই দেশের প্রতিনিধিদল। তবে প্রায় ২১ ঘণ্টা আলোচনা চললেও কোনো সমঝোতা হয়নি।
বিজ্ঞাপন
প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানসহ বিভিন্ন দেশ নতুন করে সংলাপের আহ্বান জানিয়েছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবার আলোচনায় বসতে চায়, তবে নতুন প্রস্তাবের ভিত্তিতেই তা হতে পারে।








