খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

ভারতের মুম্বাইয়ের পাইধোনি এলাকায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন ৪০ বছর বয়সী স্বামী আবদুল্লাহ দোখাদিয়া, ৩৫ বছর বয়সী স্ত্রী নাসরিন দোখাদিয়া এবং তাদের দুই কন্যা আয়েশা (১৬) ও জয়নব (১৩)।
পুলিশ সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল রাতে পরিবারের নয়জন সদস্য একসঙ্গে রাতের খাবার খান। পরে আত্মীয়রা নিজ নিজ বাড়িতে ফিরে যান। রাতের দিকে ওই পরিবারের চার সদস্য তরমুজ খান বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এর কিছু সময় পর ভোরের দিকে তারা সবাই বমি ও ডায়রিয়ার মতো গুরুতর অসুস্থতায় আক্রান্ত হন। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলেও পরে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় প্রথমে ছোট মেয়ে, এরপর বাবা, পরে মা এবং সর্বশেষ বড় মেয়ের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিরিয়ানি খাওয়ার পর রাতে তরমুজ খাওয়ার কারণে এই ঘটনা ঘটতে পারে। তবে কোন খাবার থেকে বিষক্রিয়া হয়েছে তা এখনও নিশ্চিত নয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, তবে চূড়ান্ত কারণ জানতে হিস্টোপ্যাথলজি রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলায় দূষিত ‘গোলগাপ্পা’ ও ‘চাট’ খেয়ে এক শিশুর মৃত্যু এবং আরও ১৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
কর্তৃপক্ষ খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
সূত্র: এনডিটিভি








