পুনরায় সক্রিয় হিজবুল্লাহর আত্মঘাতী স্কোয়াড

লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে আবারও তাদের আশির দশকের পুরোনো যুদ্ধকৌশলে ফেরার ঘোষণা দিয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলকে লেবাননে অবস্থান বা ঘাঁটি স্থাপন থেকে বিরত রাখতে আত্মঘাতী স্কোয়াড পুনরায় সক্রিয় করা হচ্ছে।
বিজ্ঞাপন
সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর এক অজ্ঞাত সামরিক কর্মকর্তা জানান, তারা পূর্বের রণকৌশল অনুযায়ী অভিযান পরিচালনায় ফিরছে এবং ইসরায়েলি অবস্থান প্রতিহত করতে আত্মঘাতী ইউনিট মোতায়েন করা হবে।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর প্রসঙ্গ টেনে ওই নেতা দাবি করেন, পরিকল্পিতভাবে সেখানে বিপুলসংখ্যক আত্মঘাতী হামলাকারী প্রস্তুত রাখা হয়েছে। তার ভাষায়, অধিকৃত অঞ্চলে থাকা ইসরায়েলি সেনা ও কর্মকর্তাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হবে।
বিজ্ঞাপন
এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় যুদ্ধ পরিস্থিতি ও সম্ভাব্য কূটনৈতিক আলোচনার বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট আউন জানান, যুক্তরাষ্ট্রকে শুরু থেকেই বলা হয়েছে যে, ইসরায়েলের সঙ্গে যেকোনো আলোচনার আগে যুদ্ধবিরতি অপরিহার্য শর্ত। তিনি উল্লেখ করেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরও এ অবস্থান সমর্থন করেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান অনুযায়ী ইসরায়েল লেবাননের ভূখণ্ডে স্থল, আকাশ বা নৌপথে কোনো ধরনের আক্রমণ চালাবে না—এতে বেসামরিক ও সামরিক সব লক্ষ্যবস্তুও অন্তর্ভুক্ত থাকবে।
আউন স্পষ্ট করে বলেন, এটি লেবাননের আনুষ্ঠানিক অবস্থান এবং এর বাইরে কোনো গোষ্ঠীর বক্তব্য বৈধ হিসেবে গণ্য হবে না। তার এই মন্তব্য হিজবুল্লাহকে ইঙ্গিত করেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, কিছু গোষ্ঠী বিদেশি স্বার্থে দেশকে সংঘাতে জড়াচ্ছে।
বিজ্ঞাপন
অন্যদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সরাসরি নয়, পরোক্ষ আলোচনায় ফেরার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সংগঠনটি দক্ষিণ লেবাননে ইসরায়েলি তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
সূত্র: আল জাজিরা।








