শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে আটক

শ্রীলঙ্কার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১০ কেজির বেশি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে দেশটির পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি বিমানবন্দরটির ইতিহাসে সবচেয়ে বড় মাদক জব্দের ঘটনা।
বিজ্ঞাপন
পুলিশের বরাতে জানা যায়, আটক ভিক্ষুরা থাইল্যান্ড থেকে দেশে ফিরছিলেন। প্রতিটি ভিক্ষুর লাগেজে ৫ কেজির বেশি করে গাঁজা পাওয়া যায় বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, বিশেষভাবে তৈরি ব্যাগের ভুয়া তলায় মাদক লুকানো ছিল বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সরকারি তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য আনুমানিক ৩.৪৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। স্থানীয় গণমাধ্যমের দাবি, বিমানবন্দর থেকে বৌদ্ধ ভিক্ষুদের মাদক বহনের অভিযোগে এটাই প্রথম বড় ধরনের গ্রেপ্তারের ঘটনা।
তদন্তে জানা গেছে, আটক ভিক্ষুরা বিভিন্ন অঞ্চল থেকে একত্রিত হয়ে স্পন্সরের টিকিটে থাইল্যান্ডে গিয়েছিলেন গত ২২ এপ্রিল।
এ ঘটনায় স্থানীয় মাদক চক্রের সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ নারকোটিক্স ব্যুরো। আটকদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এবার বাংলায় পদ্মফুল ফুটবে: নরেন্দ্র মোদী
শ্রীলঙ্কায় মাদক সংক্রান্ত অপরাধে কঠোর আইন রয়েছে এবং বিমানবন্দরে আধুনিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নিয়মিত তল্লাশি চালানো হয়।
সূত্র: সিএনএন








