Logo

এবার বাংলায় পদ্মফুল ফুটবে: নরেন্দ্র মোদী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল, ২০২৬, ১৪:৫১
এবার  বাংলায় পদ্মফুল ফুটবে: নরেন্দ্র মোদী
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফার নির্বাচনের আগে সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় প্রচারণার সময়সীমা শেষ হয়েছে। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় জনসংযোগ ও প্রচারে ব্যস্ত ছিলেন। পাশাপাশি চলচ্চিত্র ও টেলিভিশন জগতের একাধিক তারকাও প্রচারে অংশ নেন।

বিজ্ঞাপন

প্রচারণায় অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তৃণমূল নেতৃত্বের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রী ও অন্যান্য প্রার্থীরাও। ভবানীপুর আসনে তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জী এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী–ও প্রচারণায় সক্রিয় ছিলেন।

এদিন ব্যারাকপুরে এক নির্বাচনী সভায় বক্তব্য দেন নরেন্দ্র মোদী। তিনি দাবি করেন, রাজ্যের মানুষের মধ্যে যে সাড়া তিনি পাচ্ছেন, তাতে ৪ মে ফল ঘোষণার পর বিজেপির বিজয়ী শপথ অনুষ্ঠানে তাকে আবার বাংলায় আসতে হতে পারে।

বিজ্ঞাপন

মোদী বলেন, প্রচণ্ড গরমেও নির্বাচনী প্রচারে তিনি ক্লান্ত হননি এবং রোড শো–তে মানুষের বিপুল উপস্থিতি তাকে অনুপ্রাণিত করেছে। তার ভাষায়, এই সফর তার কাছে রাজনৈতিক কর্মসূচির চেয়ে বেশি একটি ‘আধ্যাত্মিক যাত্রা’।

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের ডাক দিয়ে মোদি বলেন, বিগত দিনে আমরা বিহার এবং ওড়িশ্যাতে সরকার গঠন করেছি, সেখানে পদ্মফুল ফুটেছে। এবার বাংলাতেও পদ্মফুল ফুটতে চলেছে।

বিজ্ঞাপন

বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মোদী বলেন, অতীতে বিহার ও ওড়িশায় দল ক্ষমতায় এসে পরিবর্তন এনেছে, এবার একইভাবে পশ্চিমবঙ্গেও পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদী।

প্রচারণায় রাজ্যের বর্তমান শাসক দলকে সমালোচনা করে মোদী বলেন, তাদের কাছে রাজ্যের ভবিষ্যতের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই এবং উন্নয়নের রূপরেখাও অনুপস্থিত।

আসন্ন ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফা ভোট অনুষ্ঠিত হবে। এই পর্বে ৭ জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। জেলাগুলোর মধ্যে রয়েছে নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান।

বিজ্ঞাপন

এই ধাপে মোট প্রার্থী সংখ্যা ১৪৪৮ জন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীসহ শাসক ও বিরোধী দলের একাধিক শীর্ষ নেতা ও জনপ্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে শান্তিপূর্ণ করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মোট ২৩৪৮ কোম্পানি বাহিনী দায়িত্ব পালন করছে, যার মধ্যে উত্তর ২৪ পরগনায় ৫০৭ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪০৯ কোম্পানি মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ভোটের আগে কিছু এলাকায় সহিংসতার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। জগদ্দল এলাকায় রাজনৈতিক সংঘর্ষে কয়েকজন আহত হন এবং সেখানে এক কেন্দ্রীয় বাহিনীর সদস্যও আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD