Logo

গম চুরির অভিযোগে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল, ২০২৬, ১৩:৩৮
গম চুরির অভিযোগে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব
ছবি: সংগৃহীত

ইউক্রেন থেকে চুরি হওয়া গম বহনকারী একটি জাহাজ হাইফা বন্দরে নোঙর করাকে কেন্দ্র করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় ইসরায়েলে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে কিয়েভ।

বিজ্ঞাপন

ইউক্রেনের অভিযোগ, চুরি হওয়া গমবাহী একটি জাহাজ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় এই বন্দরে অবস্থান করছে। বিষয়টি নিয়ে সোমবার রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র (প্রোটেস্ট নোট) দিয়েছে ইউক্রেন পররাষ্ট্র মন্ত্রণালয়।

কিয়েভ জানিয়েছে, জাহাজটি ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসরায়েলকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, জাহাজ থেকে পণ্য খালাস করা হলে বা সেটিকে বন্দরে অবস্থানের অনুমতি দেওয়া হলে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিজ্ঞাপন

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিয়াহ সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ইউক্রেনকে চাপের মুখে রাখতে রাশিয়া দেশটির গম চুরি করে বিদেশে বিক্রি করছে এবং এতে সহযোগিতা করছে ইসরায়েল।

তিনি বলেন, ইউক্রেন ও ইসরায়েলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উভয় দেশের জন্যই লাভজনক হতে পারে। তবে চুরি হওয়া শস্যের অবৈধ বাণিজ্যে সহযোগিতা করা হলে সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।

বিজ্ঞাপন

এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষায়, পূর্বে চুরি হওয়া ইউক্রেনীয় পণ্যবাহী জাহাজও হাইফা বন্দরে নোঙর করেছিল এবং তখনও বিষয়টি ইসরায়েলকে জানানো হয়েছিল, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে ইউক্রেনের অভিযোগের জবাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার বলেন, অভিযোগের পক্ষে যথাযথ তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি।

তিনি সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় জানান, কূটনৈতিক বিষয়ে আগে সংশ্লিষ্ট দেশকে জানানো উচিত ছিল। একই সঙ্গে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, কয়েক দিন আগে হাইফা বন্দরে ‘এবিনস্ক’ নামের একটি গমবাহী জাহাজ নোঙর করে। জাহাজে থাকা গম রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD