ইরান সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ রুবিওর

ইরানের নতুন প্রস্তাবকে ঘিরে সময়ক্ষেপণের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের অবস্থানের কড়া সমালোচনা করেছেন।
বিজ্ঞাপন
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ইরান আলোচনার নামে সময় নষ্ট করছে বলে তাঁর ধারণা। তিনি বলেন, “এটি আমরা হতে দিতে পারি না। বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থান যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গ্রহণযোগ্য নয়।”
সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে তিন ধাপের একটি প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাবে প্রথম ধাপে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ এবং ইরান ও লেবাননে হামলা না চালানোর নিশ্চয়তা চাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
দ্বিতীয় ধাপে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালি ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। তৃতীয় ধাপে সমঝোতা হলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়টি এসেছে।
এ বিষয়ে সমালোচনা করে রুবিও আরও বলেন, হরমুজ প্রণালি নিয়ে নতুন করে কোনো শর্ত বা ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। তাঁর ভাষায়, এটি একটি আন্তর্জাতিক জলপথ, তাই কোনো দেশ এককভাবে এর ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারে না।
বিজ্ঞাপন
তিনি ফক্স নিউজকেও বলেন, “হরমুজ নিয়ে কোনো নতুন নিয়ম আমরা মেনে নেব না। এটি এমনভাবে পরিচালিত হতে পারে না যেখানে ইরান ঠিক করবে কে এটি ব্যবহার করবে।”
পরমাণু ইস্যু ঘিরে টানা প্রায় ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছায়। এরপর স্থায়ী সমঝোতার লক্ষ্যে ১১ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হয়। তবে দীর্ঘ আলোচনা হলেও কোনো চুক্তি হয়নি।
এরপর দ্বিতীয় দফা আলোচনার আহ্বান জানায় বিভিন্ন দেশ। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চাইলে নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনায় বসা যেতে পারে।
বিজ্ঞাপন
রুবিও জোর দিয়ে বলেন, যেকোনো চুক্তির মূল শর্ত হতে হবে— ইরান যেন কখনো পরমাণু অস্ত্রের অধিকারী না হতে পারে।








