যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা : নতুন তথ্যে বাড়ছে চাঞ্চল্য

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির হত্যাকাণ্ডে তদন্তে নতুন মাত্রা যোগ করেছে ডিজিটাল ও ফরেনসিক তথ্য-প্রমাণ। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ঘটনাটি ছিল সুপরিকল্পিত এবং প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে তা বাস্তবায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী এই দুজনের মৃত্যুর ঘটনায় উঠে এসেছে বেশ কিছু অস্বাভাবিক তথ্য, যা তাদের শেষ সময়ের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগজনক চিত্র তুলে ধরছে। বিশেষ করে অ্যাপার্টমেন্টের নিরাপত্তা ব্যবস্থা এবং একটি নিখোঁজ চাবিকে ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য।
তদন্তকারীরা জানান, জামিল লিমনের ব্যবহৃত অ্যাপার্টমেন্টের চাবি তার দেহের কাছে বা বাসায় কোথাও পাওয়া যায়নি। পরে ভবনের ডিজিটাল অ্যাক্সেস লগ বিশ্লেষণে দেখা যায়, নিখোঁজ হওয়ার দিন সকাল ৯টা ৪১ মিনিটে একটি ডুপ্লিকেট কি-কার্ড তৈরি ও ব্যবহার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই সময় লিমন বাসায় ছিলেন না, ফলে অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই পরিকল্পনা করে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে প্রবেশের পথ তৈরি করে।
বিজ্ঞাপন
একই সময়ের কাছাকাছি নাহিদা বৃষ্টির আচরণও তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্মার্ট-হোম সিস্টেমের তথ্য অনুযায়ী, তিনি একাধিকবার নিরাপত্তা প্যানেল ও সেই ডুপ্লিকেট কার্ড ব্যবহার করে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করেছিলেন।
তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন, তিনি তখন কোনো সংকটময় পরিস্থিতিতে ছিলেন এবং হয়তো নিজেকে রক্ষা করার চেষ্টা করছিলেন।
এর কিছুক্ষণ পর নাহিদাকে অভিযুক্ত হিশাম সালেহ আবুঘারবিয়াহর সঙ্গে অ্যাপার্টমেন্ট ত্যাগ করতে দেখা যায়। তার স্বাভাবিক আচরণের সঙ্গে এই ঘটনাগুলোর অসামঞ্জস্য দেখে তদন্তকারীরা মনে করছেন, তিনি তখন চাপের মধ্যে ছিলেন।
বিজ্ঞাপন
এদিকে, আগে পাওয়া একটি ১৯ সেকেন্ডের ফোনকল এবং নতুন এই ডিজিটাল তথ্য একত্রে ঘটনাটির ধারাবাহিকতা আরও স্পষ্ট করছে। তদন্তকারীদের মতে, ডুপ্লিকেট কি-কার্ড তৈরির মধ্য দিয়েই পুরো পরিকল্পনার সূচনা হয় এবং এরপর ধাপে ধাপে ভুক্তভোগীদের বিচ্ছিন্ন করে ফেলা হয়।
অভিযুক্ত হিশাম বর্তমানে জামিন ছাড়াই আটক রয়েছেন। তার ব্যক্তিগত ডিভাইস থেকে উদ্ধার করা তথ্যে ইলেকট্রনিক লক ভাঙার নির্দেশনা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের প্রমাণ মিলেছে, যা এই ঘটনার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত বলে মনে করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর মতে, এসব প্রমাণ আদালতে ‘পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে অভিযোগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তদন্তে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি অত্যন্ত কৌশলে ভুক্তভোগীদের নিজেদের বাসার ভেতর নিয়ন্ত্রণে নিয়ে আসার পরিকল্পনা করেছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ইরান সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ রুবিওর
এদিকে, নিহতদের পরিবার এই ঘটনার প্রতিটি নতুন তথ্যকে গভীর বেদনার সঙ্গে গ্রহণ করছে। নাহিদা বৃষ্টির বাবা মেয়ের মরদেহ উদ্ধারের আকুতি জানিয়ে বলেন, তার মেয়ে বিজ্ঞানচর্চার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিল।
এই ঘটনার পর ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অফ-ক্যাম্পাস আবাসনে ইলেকট্রনিক চাবির নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।
বিজ্ঞাপন
হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ডিজিটাল লগ, ফোনকলসহ প্রতিটি তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঘটনার পূর্ণ চিত্র উন্মোচনের চেষ্টা চলছে। তদন্ত শেষ হলে প্রকৃত সত্য সামনে আসবে এবং বিচার প্রক্রিয়ায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষক ও সহপাঠীরা দুই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাদের মতে, এই ঘটনা শুধু একটি অপরাধ নয়, বরং আধুনিক প্রযুক্তির অপব্যবহার কতটা ভয়াবহ হতে পারে, তার একটি স্পষ্ট উদাহরণ।








