আফগানিস্তানে হামলা চালালো পাকিস্তান, নিহত ৭

কুনার প্রদেশের পূর্ব সীমান্ত এলাকায় পাকিস্তানের গোলাবর্ষণে অন্তত ৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) চালানো এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৮৫ জন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে এএফপি।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। চলমান সীমান্ত উত্তেজনা কিছুটা কমে আসার পর এই হামলা নতুন করে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলেছে।
আফগান কর্তৃপক্ষের দাবি, পাকিস্তান বাহিনী আসাদাবাদ শহরে একটি বিশ্ববিদ্যালয় এবং আশপাশের আবাসিক এলাকায় মর্টার শেল ও রকেট হামলা চালায়। কুনার প্রদেশের জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান, সীমান্তবর্তী এলাকা ও প্রাদেশিক রাজধানী থেকে সাতটি মরদেহ এবং ৮৫ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সবাই সাধারণ নাগরিক।
বিজ্ঞাপন
তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে। তাদের দাবি, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা আবাসিক এলাকায় হামলা চালানো হয়নি।
আহতদের মধ্যে অনেকের স্বজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্থানীয়রা জানান, গোলার আঘাতে শিশু ও শ্রমজীবী মানুষও আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষায়, এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: এবার বাংলায় পদ্মফুল ফুটবে: নরেন্দ্র মোদী
বিজ্ঞাপন
কুনার প্রদেশের তথ্য প্রধান জানান, আসাদাবাদ ছাড়াও আরও কয়েকটি জেলায় হামলার ঘটনা ঘটেছে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সন্ধ্যায় ওই এলাকায় ড্রোনের উপস্থিতি এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।
এর আগে গত মার্চে চীনের মধ্যস্থতায় দুই দেশ সাময়িক যুদ্ধবিরতি ও সংঘাত না বাড়ানোর বিষয়ে একমত হলেও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
বিশ্লেষকদের মতে, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক ক্রমাগত টানাপোড়েনের মধ্যে রয়েছে। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা ও বিদ্রোহী গোষ্ঠী নিয়ে দুই দেশের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ চলছে।
বিজ্ঞাপন
গত কয়েক মাস ধরে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় উভয় দেশের স্থানীয় অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: এএফপি








