ইরান সংকটে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ৪ বছরে সর্বোচ্চ

ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত এবং এর প্রভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানি গ্যাস ও পেট্রোলজাত গ্যাসোলিনের দাম বেড়েছে। বর্তমানে দেশটিতে প্রতি গ্যালন (৩.৭৮ লিটার) গ্যাসোলিনের গড় দাম দাঁড়িয়েছে ৪.১৮ ডলার।
বিজ্ঞাপন
এটি গত চার বছরের মধ্যে সর্বোচ্চ মূল্য। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর জ্বালানির দাম ৪ ডলারের বেশি হয়েছিল, তখন প্রতি গ্যালনের মূল্য ছিল ৪.১৫ ডলার।
আরও পড়ুন: আবারও বাড়ল তেলের দাম
এক বছর আগেও যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম ছিল প্রায় ৩.১৫ ডলার, যা বর্তমান দামের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
বিজ্ঞাপন
তবে দেশটির সব অঙ্গরাজ্যে জ্বালানির দাম একরকম নয়। যেসব অঙ্গরাজ্যে তেল বা গ্যাসের খনি রয়েছে, যেমন টেক্সাস— সেখানে প্রতি গ্যালনের দাম প্রায় ৩.৭৮ ডলার। অন্যদিকে খনিজ সম্পদহীন অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়া-তে এই দাম বেড়ে ৫.৯৬ ডলার পর্যন্ত পৌঁছেছে।
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করেছে ইরান। বিশ্বে মোট জ্বালানি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই হয়।
বিজ্ঞাপন
সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৪০টি বাণিজ্যিক জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করত। বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৮ থেকে ১০টিতে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি করছে।








