Logo

ব্যাংকের কথায় টাকা তুলতে বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল, ২০২৬, ১৩:০২
ব্যাংকের কথায় টাকা তুলতে বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই
ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যে ব্যাংক থেকে বোনের সঞ্চিত টাকা তুলতে গিয়ে ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছেন এক ব্যক্তি। ব্যাংক কর্মকর্তাদের বোঝাতে না পেরে শেষ পর্যন্ত মৃত বোনের কঙ্কাল কবর থেকে তুলে ব্যাংকে নিয়ে যান তিনি।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে কেওনঝড় জেলার মালিপোসি এলাকায়। স্থানীয় ওড়িশা গ্রামীণ ব্যাংক-এর একটি শাখায় নিজের নামে হিসাব খুলে অর্থ জমা রাখতেন কালরা মুন্ডা। চলতি বছরের ২৬ জানুয়ারি ৫৬ বছর বয়সে তার মৃত্যু হয়। স্থানীয় মুণ্ডা সম্প্রদায়ের প্রথা অনুযায়ী তাকে দাফন করা হয়।

মৃত্যুর সময় ওই হিসাবে জমা ছিল ১৯ হাজার ৩০০ রুপি। বোনের মৃত্যুর পর কয়েকবার ব্যাংকে গিয়ে টাকা তুলতে চেষ্টা করেন জীতু মুন্ডা। তবে প্রতিবারই ব্যাংক কর্তৃপক্ষ তাকে হিসাবধারীকে উপস্থিত করতে বলে বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

অবশেষে হতাশ হয়ে জীতু মুন্ডা বোনের কবর খুঁড়ে কঙ্কাল তুলে ব্যাংকে হাজির হন। এতে সেখানে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

জীতু মুন্ডা জানান, তিনি বহুবার ব্যাংকে গিয়ে বোনের মৃত্যুর কথা বললেও কর্মকর্তারা তা আমলে নেননি। তাই বাধ্য হয়ে এমন পদক্ষেপ নিতে হয়েছে।

এ বিষয়ে পাটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিরণ প্রসান সাহু বলেন, জীতু মুন্ডা একজন নিরক্ষর আদিবাসী ব্যক্তি। বৈধ উত্তরাধিকার বা নমিনি সংক্রান্ত নিয়ম সম্পর্কে তার ধারণা নেই। একই সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষও বিষয়টি তাকে পরিষ্কারভাবে বোঝাতে পারেনি।

বিজ্ঞাপন

অন্যদিকে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী তৃতীয় কোনো ব্যক্তি সরাসরি হিসাব থেকে অর্থ তুলতে পারেন না। এজন্য মৃত্যুসনদসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। বিষয়টি জীতুকে জানানো হলেও তিনি ক্ষুব্ধ হয়ে সেখান থেকে চলে যান এবং পরে কঙ্কাল নিয়ে ফেরত আসেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর জীতু মুন্ডাকে জেলা রেডক্রস তহবিল থেকে ৩০ হাজার রুপি সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তার বোনের হিসাবে থাকা অর্থও দ্রুত হস্তান্তর করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD