Logo

ইরানকে সহায়তা অভিযোগে ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল, ২০২৬, ১৩:১১
ইরানকে সহায়তা অভিযোগে ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

ইরানের তথাকথিত ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’ সচল রাখা এবং দেশটির প্রতিরক্ষা খাতে সহযোগিতার অভিযোগে ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, ট্রেজারি বিভাগের ‘বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর’ এই পদক্ষেপ নিয়েছে। তবে নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো কোন দেশের— সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, বিভিন্ন দেশি-বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় ইরান একটি বিকল্প আর্থিক নেটওয়ার্ক তৈরি করেছে, যা প্রচলিত নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বাণিজ্য চালিয়ে যেতে সহায়তা করছে। এই ব্যবস্থার মাধ্যমে তৃতীয় পক্ষের নামে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করে সেই অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে জমা রাখা হয় এবং পরে তা ইরানের প্রতিরক্ষা বাহিনী ও অভিজাত ইউনিট ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর-এর কাছে পৌঁছে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ইরানের তেল বাণিজ্য ও বিপণন কার্যক্রম মূলত দেশটির প্রতিরক্ষা বাহিনী এবং আইআরজিসির তত্ত্বাবধানে পরিচালিত হয়। নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান এই প্রক্রিয়ায় পরোক্ষভাবে যুক্ত বলে দাবি ওয়াশিংটনের।

গত কয়েক বছর ধরেই ইরানের জ্বালানি খাত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রধান লক্ষ্য। চলমান আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের টানাপোড়েন, এই পদক্ষেপকে আরও ত্বরান্বিত করেছে। এর আগে এপ্রিল মাসে ইরানের বন্দরগুলোতেও অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র, যা স্থায়ী শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র : রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD