পশ্চিমবঙ্গে শেষ দফায় চলছে ভোটগ্রহণ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার সকাল ৭টা (বাংলাদেশ সময় সাড়ে ৭টা) থেকে। রাজ্যের ৮টি জেলায় ১৪২টি আসনে একযোগে ভোট চলছে, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বিজ্ঞাপন
এই দফায় মোট ভোটার সংখ্যা ৩ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৮৩৭। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৬৪ লাখের বেশি এবং নারী ভোটার ১ কোটি ৫৭ লাখের বেশি। সাম্প্রতিক ট্রাইব্যুনালের রায়ে ভোটার তালিকায় নতুন করে ১ হাজার ৪৬৮ জনের নাম যুক্ত হয়েছে, বাদ পড়েছেন ছয়জন।
শেষ ধাপে মোট ৪১ হাজার ১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে ৪ হাজার ৮৩৩টি কেন্দ্রকে ‘অতি স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত দুই দিনে অশান্তি ঠেকাতে দুই হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যার মধ্যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-এর ২ হাজার ৩০০টির বেশি কোম্পানি রয়েছে। পাশাপাশি প্রায় ৩৯ হাজার রাজ্য পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
জেলাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থায় সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন রয়েছে উত্তর ২৪ পরগনায়, যেখানে ৫১২ কোম্পানি সদস্য দায়িত্বে আছেন। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৪১৩, হুগলিতে ৩২৩, নদিয়ায় ২৮৭, কলকাতায় ২৭৪, পূর্ব বর্ধমানে ২৬৩ এবং হাওড়ায় ২৫৮ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা নজরদারিতে যুক্ত হয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, যারা বিভিন্ন এলাকায় তৎপরতা চালাচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আবারও বাড়ল তেলের দাম
এই দফায় মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পুরুষ প্রার্থী ১ হাজার ২২৮ জন এবং নারী প্রার্থী ২২০ জন।
কয়েকটি কেন্দ্র বিশেষভাবে আলোচনায় রয়েছে। এর মধ্যে ভবানীপুর অন্যতম, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া উত্তর ২৪ পরগনার পানিহাটিও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে।
বিজ্ঞাপন
উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, জাভেদ খান, শশী পাঁজা, অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে বিজেপির হয়ে লড়ছেন তাপস রায়, স্বপন দাশগুপ্ত, অর্জুন সিং ও হিরণ চট্টোপাধ্যায়। এছাড়া বামপন্থী প্রার্থীদের মধ্যে বিকাশরঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায় ও দীপ্সিতা ধর এবং আইএসএফের হয়ে নওশাদ সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২৯৪ আসনের বিধানসভায় এর আগে ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই দফার ভোট শেষে ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে। তখনই জানা যাবে, বর্তমান শাসক দল ক্ষমতায় ফিরছে নাকি পরিবর্তন আসছে রাজ্যের নেতৃত্বে।








