ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের ইরানের বন্দরগুলোর ওপর দীর্ঘমেয়াদি অবরোধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন—এমন খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে।
বিজ্ঞাপন
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল সীমিত করে দেশটির অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছে ওয়াশিংটন। এই খবর প্রকাশের পরই বৈশ্বিক বাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জুন মাসে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ১৮ ডলারে পৌঁছেছে। জুলাই মাসের সরবরাহের ক্ষেত্রে দাম দাঁড়িয়েছে ১০৪ দশমিক ৩৩ ডলার।
বিজ্ঞাপন
অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দামও বেড়েছে। এটি ব্যারেলপ্রতি ৫৭ সেন্ট বা ০ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ১০০ দশমিক ৫০ ডলারে উঠেছে। পরিসংখ্যান অনুযায়ী, গত আট কার্যদিবসের মধ্যে সাত দিনই এই তেলের দাম বৃদ্ধি পেয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রেও জ্বালানির বাজারে প্রভাব পড়েছে। দেশটির অটো ক্লাব এএএ-এর তথ্য অনুযায়ী, সেখানে গড় গ্যাসোলিনের দাম প্রতি গ্যালন ৪ দশমিক ১৮ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যেখানে তেলের দাম প্রায় ৭০ ডলারের কাছাকাছি ছিল, সেখান থেকে ধাপে ধাপে আবার ১১৯ ডলারের দিকে অগ্রসর হচ্ছে। এটি যুদ্ধকালীন সময়ের দামের কাছাকাছি অবস্থান করছে বলেও তারা মন্তব্য করেছেন।
সূত্র: আল-জাজিরা








