হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

বাংলাদেশে হাম প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে ১ লাখ ৭৫ হাজার ইউরো অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় এ সহায়তার পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে ইইউ জানায়, এই অর্থ রেডক্রসের মাধ্যমে ব্যয় করা হবে। হাম আক্রান্ত রোগী ও তাদের পরিবার, যারা চিকিৎসা ব্যয় বহনে সমস্যায় পড়েছেন, তারা এ সহায়তার আওতায় নগদ অর্থ পাবেন।
ইইউর বিবৃতিতে বলা হয়েছে, এই সহায়তা দেশের আটটি বিভাগ—বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহে কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হবে।
বিজ্ঞাপন
রেডক্রস এ অর্থ দিয়ে চলমান টিকাদান কর্মসূচি আরও শক্তিশালী করবে। পাশাপাশি হাম প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সরবরাহ এবং অন্যান্য জরুরি কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সহায়তার একটি অংশ বিশেষভাবে ব্যবহৃত হবে এমন পরিবারগুলোর জন্য, যারা স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত এবং আক্রান্ত সদস্যদের সেবা দিতে গিয়ে আয় হারিয়েছে। তাদের জন্য নগদ অর্থ সহায়তার ব্যবস্থা করা হবে।
বিজ্ঞাপন
বিবৃতিতে আরও জানানো হয়, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম বৃহৎ মানবিক সহায়তাকারী সংস্থা। শুধু ২০২৬ সালেই বিভিন্ন মানবিক কার্যক্রমে তারা বাংলাদেশে ২৩ মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে। এর মধ্যে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য বরাদ্দ ছিল ১৬ দশমিক ৪ মিলিয়ন ইউরো এবং দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস ও সহনশীলতা বৃদ্ধির কাজে দেওয়া হয়েছে ৭ মিলিয়ন ইউরো।








