ট্রাম্পের ছবি যুক্ত বিশেষ পাসপোর্ট আনছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ছবি সংবলিত একটি বিশেষ সংস্করণের পাসপোর্ট প্রকাশের পরিকল্পনা নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দেশটির স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) দপ্তরের এক মুখপাত্র জানান, সীমিত সংখ্যায় প্রকাশিত এ বিশেষ পাসপোর্টে থাকবে আলাদা নকশা ও উন্নত গ্রাফিক্স। প্রকাশিত ডিজাইন অনুযায়ী, পাসপোর্টের ভেতরের পাতায় ট্রাম্পের গম্ভীর মুখাবয়বের ছবি থাকবে এবং সোনালি কালি দিয়ে যুক্ত করা হবে তার স্বাক্ষর।
এই বিশেষ সংস্করণের পাসপোর্ট পেতে আগ্রহী যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওয়াশিংটনে অবস্থিত পাসপোর্ট এজেন্সিতে আবেদন করতে হবে। মজুদ থাকা পর্যন্ত এটি পাওয়া যাবে বলে জানানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এ সংস্করণের জন্য কোনো অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়নি।
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসন বিভিন্ন রাষ্ট্রীয় প্রতীক ও উদ্যোগে প্রেসিডেন্টের নাম, ছবি বা স্বাক্ষর যুক্ত করার পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে জাতীয় উদ্যানের পাসে তার ছবি সংযোজন, শিশুদের জন্য ‘ট্রাম্প সেভিংস অ্যাকাউন্ট’ চালু এবং ওষুধ সরবরাহ উদ্যোগ ‘ট্রাম্পআরএক্স’ উল্লেখযোগ্য।
তবে সব উদ্যোগ বাস্তবায়িত হয়নি। উদাহরণ হিসেবে, নিউইয়র্কের পেন স্টেশন-এর নাম তার নামে পরিবর্তনের প্রস্তাব কার্যকর হয়নি। এছাড়া কেনেডি সেন্টার এবং ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিস-এ তার নাম যুক্ত করার বিষয়টি এখনো আইনি প্রক্রিয়ায় রয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: নিউইয়র্ক টাইমস








