রেকর্ড দরপতন : মাত্র এক ডলারে মিলছে ১৮ লাখ ইরানি রিয়াল

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দরপতন নতুন রেকর্ড ছুঁয়েছে। বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন এক মার্কিন ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে প্রায় ১৮ লাখ ইরানি রিয়াল।
বিজ্ঞাপন
মুদ্রা বিনিময় সংক্রান্ত ওয়েবসাইট বোনবাস্ট এবং অ্যালান্ডচান্ড এই হার প্রকাশ করেছে। এটি মূলত বেসরকারি বা খোলা বাজারের বিনিময় হার হিসেবে বিবেচিত।
এর আগে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার সময় প্রতি ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার ছিল প্রায় ১৭ লাখ। এরপর থেকে ধারাবাহিকভাবে মুদ্রাটির মান কমতেই থাকে।
বিজ্ঞাপন
ইরান সরকার বিভিন্ন খাতে ভিন্ন ভিন্ন সরকারি বিনিময় হার নির্ধারণ করলেও বাস্তব বাজারে এ ধরনের বেসরকারি হারই বেশি কার্যকর বলে মনে করা হয়।
বর্তমান বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি এক টাকায় প্রায় ১৪ হাজার ইরানি রিয়াল পাওয়া যায়। তবে স্থানীয় বাজারে এই অর্থের ক্রয়ক্ষমতা খুবই কম। এ পরিমাণ রিয়াল দিয়ে সাধারণত এক বোতল পানি কেনাও সম্ভব নয়; সর্বোচ্চ একটি ছোট চকলেট কেনা যেতে পারে।
বিজ্ঞাপন
রিয়ালের এই ব্যাপক দরপতনের সরাসরি প্রভাব পড়েছে দেশটির সাধারণ মানুষের জীবনে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে, যা মানুষের দৈনন্দিন জীবনকে আরও কঠিন করে তুলছে।
ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত প্রায় ৪০ দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় ইরান। তবে এই যুদ্ধ শুরুর আগ থেকেই রিয়ালের মান ডলারের বিপরীতে কমতে শুরু করেছিল।
বিজ্ঞাপন
এদিকে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের ফলে দেশটির তেল রপ্তানি ব্যাহত হচ্ছে। এর প্রভাবও মুদ্রাবাজারে পড়ছে এবং রিয়ালের অবমূল্যায়ন আরও ত্বরান্বিত হচ্ছে।
সূত্র: আল জাজিরা








