‘আমরা জলদস্যুর মতো’— বললেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের প্রেক্ষাপটে নিজেদের কার্যক্রমকে ‘জলদস্যুতা’র সঙ্গে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানি জাহাজ দখল করে সেখানকার কার্গো ও তেল নিয়ে তা বিক্রি করা হচ্ছে, যা থেকে লাভও হচ্ছে।
বিজ্ঞাপন
স্থানীয় সময় শুক্রবার আয়োজিত ওই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, মার্কিন নৌবাহিনী জাহাজে উঠে নিয়ন্ত্রণ নেয় এবং সেখান থেকে পণ্য ও জ্বালানি সংগ্রহ করে। তার ভাষায়, “আমরা একপ্রকার জলদস্যুর মতো কাজ করছি, তবে এটি কৌশলগত পদক্ষেপ।”
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পরপরই ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। প্রায় ৪০ দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনো ওই প্রণালিতে চলাচলে সীমাবদ্ধতা বজায় রয়েছে।
বিজ্ঞাপন
এ পরিস্থিতিতে ইরানের অবরোধের জবাবে পাল্টা নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী ইরানি বন্দরে জাহাজের যাতায়াত নিয়ন্ত্রণের পাশাপাশি ভারত মহাসাগর থেকে দুটি ইরানি জাহাজও জব্দ করেছে— যার একটি পণ্যবাহী এবং অন্যটি তেলবাহী ট্যাংকার।
এদিকে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একটি অংশ ইরানের অবরোধ নিয়ে প্রশ্ন তুললেও, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। এর আগে তিনি দাবি করেছিলেন, সরাসরি সামরিক হামলার চেয়ে এই ধরনের অবরোধ বেশি কার্যকর।








