ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর জানালো ভারত

বাংলাদেশি নাগরিকদের জন্য শিগগিরই সব ধরনের ভিসা প্রদান পুনরায় চালু করতে যাচ্ছে ভারত। দেশটির একটি প্রভাবশালী সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই কার্যক্রম শুরু হতে পারে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতেই বাংলাদেশ সরকার ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা প্রদান পুনরায় চালু করে। এর পরিপ্রেক্ষিতে ভারতও একই ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে। দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় চালুর লক্ষ্যে ইতোমধ্যে প্রাথমিক ধাপের কাজ শুরু হয়েছে।
গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের সময় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।
তিনি ভারতীয় কর্তৃপক্ষকে জানান, বাংলাদেশ যেহেতু তাদের ভিসা কেন্দ্রগুলো থেকে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা চালু করেছে, তাই ভারতকেও দ্রুত একই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
বর্তমানে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো—নয়াদিল্লি হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনস্যুলার অফিসগুলো স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে কিছু ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকলেও সেগুলো ফেব্রুয়ারি থেকে আবার চালু করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, ফেব্রুয়ারিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এবং পার্লামেন্টের স্পিকার ওম বিরলা ঢাকায় সফর করেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেন, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়েছিল। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, ভিসা সেবা পুরোপুরি চালু হলে বাংলাদেশ ও ভারত অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য এবং জ্বালানি খাতে আরও বিস্তৃতভাবে কাজ করার পরিকল্পনা করছে। পাশাপাশি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ‘আমরা জলদস্যুর মতো’— বললেন ট্রাম্প
ভারত সরকার জানিয়েছে, গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর নিরাপত্তাজনিত কারণে ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল। তবে তা কখনো পুরোপুরি বন্ধ হয়নি; শুধুমাত্র জরুরি প্রয়োজন—যেমন চিকিৎসা ও পারিবারিক কারণে ভিসা দেওয়া হচ্ছিল।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিগগিরই বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন, যা এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি থেকে ভিসা কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পর গত দুই মাসে প্রায় ১২ হাজার ভারতীয় নাগরিককে ভিসা দেওয়া হয়েছে। এসব ভিসার মধ্যে ব্যবসা, পর্যটন, চিকিৎসা ও পারিবারিক সফরের জন্য আবেদনকারীরা অন্তর্ভুক্ত ছিলেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস








