দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

ভারতের রাজধানী দিল্লির একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২ মে) সকালে ভিবেক বিহার এলাকার চারতলা একটি ভবনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভোর ৪টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে তৃতীয় ও চতুর্থ তলায়।
পূর্ব দিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ভিবেক বিহারে আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে এক ডজনের বেশি মানুষকে ভবন থেকে বের করে আনেন। আহতদের স্থানীয় ত্যাগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। একটি ভিডিওতে ভবনের ভেতর থেকে ঘন ধোঁয়া বের হতে এবং বড় অংশ পুড়ে যেতে দেখা যায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা রাজেন্দ্র প্রসাদ মীনা জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় এক বাসিন্দা ধারণা করছেন, এসি বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।
সূত্র: এনডিটিভি








