Logo

শ্রীলঙ্কায় আবারও বাড়ালো জ্বালানির দাম, মূল্যস্ফীতি চাপে অর্থনীতি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ মে, ২০২৬, ১৬:২৬
শ্রীলঙ্কায় আবারও বাড়ালো জ্বালানির দাম, মূল্যস্ফীতি চাপে অর্থনীতি
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবের মধ্যে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে শ্রীলঙ্কা। সর্বশেষ সিদ্ধান্তে দেশটিতে তেলের দাম প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার সরকার এ মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার জেরে বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে মার্চ মাসেও শ্রীলঙ্কায় জ্বালানির দাম ৩৫ শতাংশের বেশি বাড়ানো হয়েছিল। একই সময়ে গ্যাস ও বিদ্যুতের দামও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।

সরকারি তথ্য অনুযায়ী, জ্বালানির উচ্চমূল্যের প্রভাবে গত মাসে দেশটির মূল্যস্ফীতি দ্বিগুণেরও বেশি বেড়ে এপ্রিল শেষে ৫.৪ শতাংশে দাঁড়িয়েছে। জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ায় পরিবহন ব্যয় এবং খাদ্যপণ্যের মূল্যও বেড়েছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রায়ত্ত সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, কৃষিকাজে ব্যবহৃত কেরোসিনের দাম লিটারপ্রতি ১০ রুপি বাড়িয়ে ২৬৫ রুপি নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম ১২ রুপি বেড়ে ৪১০ রুপি এবং ডিজেলের দাম ১০ রুপি বাড়িয়ে ৩৯২ রুপি করা হয়েছে।

জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় দেশটিতে রেশনিং ব্যবস্থা চালু রয়েছে।

২০২২ সালের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছিল শ্রীলঙ্কা। সে সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে পড়ে খাদ্য, জ্বালানি ও ওষুধ আমদানিতে চরম সমস্যায় পড়ে দেশটি।

বিজ্ঞাপন

পরবর্তীতে ঘূর্ণিঝড়ের আঘাতে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে দেশটি। এতে শতাধিক প্রাণহানি ঘটে এবং বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বব্যাংকের হিসাবে, ওই দুর্যোগে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

২০২৩ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তা পেলেও জ্বালানির ক্রমবর্ধমান মূল্য দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের পথে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD