লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, একদিনে ৪১ জন নিহত

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় দেশটির বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। মার্চের শুরু থেকে চলমান হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৬০০ জনের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। রবিবার (৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ, সিডন ও টাইর এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এসব হামলায় কয়েকজনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
কোথাও বসতবাড়ি, কোথাও চলন্ত যানবাহন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
এদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহও। সংগঠনটি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে আর্টিলারি ও ড্রোন হামলা চালানো হয়েছে। বিশেষ করে ফাইবার-অপটিক নিয়ন্ত্রিত ছোট ড্রোন ব্যবহার করে ট্যাংক ও সামরিক সরঞ্জামে আঘাত হানার দাবি করেছে তারা।
এর আগে গত ১৬ এপ্রিল প্রথমে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হিজবুল্লাহ। পরে তা তিন সপ্তাহের জন্য বাড়ানো হলেও মেয়াদ শেষ হওয়ার আগেই আবারও হামলা শুরু করে ইসরায়েল।
বিজ্ঞাপন
লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মার্চের শুরু থেকে নতুন দফার হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৬০০ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ হাজারের বেশি মানুষ। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি বাসিন্দা।
সূত্র: রয়টার্স








