পশ্চিমবঙ্গ ভোট গণনা শুরু, প্রাথমিক ফলে এগিয়ে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গণনা কার্যক্রম শুরু হয়।
বিজ্ঞাপন
২৯৪ আসনের এই নির্বাচনে এখন পর্যন্ত ১১২টি আসনের ফল প্রকাশ হয়েছে। প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), যারা পেয়েছে ৫৬টি আসন। অপরদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৫৩টি আসন। এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ২টি এবং ‘অন্যান্য’ প্রার্থীরা ১টি আসনে জয়ী হয়েছেন। ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এখনও কোনো আসনে জয় পায়নি।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা চলছে। আগের নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি, ফলে এবার ৩১টি কেন্দ্র কমানো হয়েছে। কলকাতার সবচেয়ে বড় গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, যেখানে মহানগরীর ১১টি আসনের মধ্যে ৭টির ভোট গণনা হচ্ছে।
বিজ্ঞাপন
প্রথমে পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হচ্ছে, এরপর ধাপে ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দেওয়া ভোট গণনা করা হবে।
আজকের ফলাফলই নির্ধারণ করবে আগামী পাঁচ বছরে রাজ্যের ক্ষমতা কার হাতে থাকবে। দুপুরের মধ্যেই ফলাফলের প্রবণতা স্পষ্ট হয়ে উঠবে, তবে সব কেন্দ্রের গণনা শেষ হতে রাত পর্যন্ত সময় লাগতে পারে।
গণনাকেন্দ্রগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুমোদিত কাউন্টিং এজেন্টদের কিউআর কোডযুক্ত পরিচয়পত্র দেওয়া হয়েছে, তবে তাদের মোবাইল ফোন বহনের অনুমতি নেই। শুধুমাত্র নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ফোন ব্যবহার করতে পারবেন।
বিজ্ঞাপন
বিশেষ নজর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর আসনের ফলাফলের দিকে। এই লড়াইয়ের ফলাফলের ওপর নির্ভর করবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন।
এছাড়া বিভিন্ন দলের একাধিক গুরুত্বপূর্ণ প্রার্থীর ফল নিয়েও ভোটারদের আগ্রহ রয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: আনন্দবাজার








