ভবানীপুরে মমতা-শুভেন্দুর হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে তৃণমূল

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার অন্যতম আলোচিত কেন্দ্র হয়ে উঠেছে ভবানীপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় কেন্দ্রটি ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা।
বিজ্ঞাপন
সর্বশেষ প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর চেয়ে প্রায় ৮ হাজার ভোটে এগিয়ে আছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম রাউন্ড গণনায় মমতা বন্দ্যোপাধ্যায় ১,৯৯৬ ভোটে এগিয়ে ছিলেন। পরে দ্বিতীয় রাউন্ড শেষে শুভেন্দু অধিকারী ১,৫৫৮ ভোটে এগিয়ে যান। তবে তৃতীয় রাউন্ডের পর আবারও পরিস্থিতি বদলে যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যান।
বিজ্ঞাপন
২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে ভোটগ্রহণ শেষে সোমবার সকাল ৮টা (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) থেকে গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএম ভোট গণনা করা হচ্ছে। ফলে প্রাপ্ত ফলাফল এখনো প্রাথমিক পর্যায়ের।
ভবানীপুর কেন্দ্রটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। ২০১১ সালে উপনির্বাচনে এই আসনে জয়ী হয়ে প্রথমবার মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০১৬ ও ২০২১ সালেও তিনি এই আসন থেকে জয়ী হন।
এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে ২০২১ সালের নির্বাচনে তিনি নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন।
বিজ্ঞাপন
নির্বাচনের প্রচারণায় দুই প্রার্থীই ভবানীপুরকে কেন্দ্র করে ব্যাপক প্রচার চালিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মিছিল, সভা ও পদযাত্রায় অংশ নেন। অন্যদিকে শুভেন্দু অধিকারীও শুরু থেকেই এই আসনকে লক্ষ্য করে প্রচারণা চালান। মনোনয়ন জমার সময় তার সঙ্গে ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সূত্র: এই সময়








